দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৪৪২ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩০৭ জন।
মৃত্যুর হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা। চলতি বছরে এ এলাকায় ডেঙ্গুতে মারা গেছেন ৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগটির বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর