ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের প্রবেশপথের সামনে প্রাইভেট কারের ধাক্কায় মার্কেটিং বিভাগের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ও মলচত্বর-সংলগ্ন প্রবেশপথের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অভিযুক্ত গাড়িচালক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়ি চালানো শেখার জন্য সাদমান বাবার প্রাইভেট কার নিয়ে ক্যাম্পাসে ঘুরছিলেন। একপর্যায়ে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রবেশপথে অবস্থানরত শিক্ষার্থীদের ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের পায়ে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত শিক্ষার্থীরা হলেন জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিভাগটির শিক্ষার্থী আহমেদ ইমতিয়াজ বলেন, আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানান তিনি। এ ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা থানায় মামলা করবেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর