দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ওই উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নবান্ন উৎসবে বাহারি পিঠাপুলি, দেশীয় খাবার, হস্তশিল্প ও সৃজনশীল সামগ্রীর প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই উৎসবটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিজেদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। অন্যকে অনুসরণ না করে আমাদের নিজস্ব ঐতিহ্য ফুটিয়ে তুলতে হবে। নবান্ন উৎসবের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দেশের কৃষক সমাজ মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। পিঠা, পুলি, পায়েস-সহ বিভিন্ন খাবার তৈরির মাধ্যমে তারা নতুন ধান ঘরে তোলার আনন্দ উপভোগ করে। এই নবান্ন উৎসবের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. ফজলুল হক-সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সমাপনী অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর