লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বহিরাগতদের হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম ও চারজন শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে এলে প্রতিপক্ষ ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় এবং মারধরের ঘটনা ঘটে। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার সমন্বয়ে ওই প্রধান শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে স্কুলের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছিল। শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ওই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে পুনরায় প্রবেশ করলে প্রতিপক্ষ ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলাকারীদের আঘাতে প্রধান শিক্ষক ও চারজন শিক্ষার্থী আহত হন।
খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়। পরবর্তীতে আমি নিজেও ঘটনাস্থলে যাই। ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর