বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল।
এর আগে মঙ্গলবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে একটি পোস্ট দেন মারুফ। বিষয়টি জানার পরদিন সোমবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নোটিশের জবাব না দিয়ে তিনি ফেসবুকে ছাত্রদলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। পরে মঙ্গলবার তাকে পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের পর জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন মারুফ। তার এ বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্টের বিষয়ে জানার পর মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নোটিশের জবাব না দিয়ে এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এ কারণে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, বহিষ্কারের বিষয়ে হাসিবুল ইসলাম মারুফ বলেন, ছাত্রদল একটি ‘দালাল সংগঠন’। এ সংগঠন তাকে বহিষ্কার করুক বা না করুক, তাতে তার কিছু যায় আসে না। তিনি নিজেও এ সংগঠনে থাকতে চান না বলে মন্তব্য করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর