• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:২০ দুপুর

আইফোন পানিতে ভিজলে ভুলেও করবেন না এই ৫ কাজ

ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ভিজে যাওয়া, অসাবধানতায় পানিতে পড়ে যাওয়া কিংবা সুইমিংপুলে ডুবে যাওয়া—যেকোনো কারণে আইফোন ভিজে যেতে পারে। এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে ফোন শুকানোর জন্য নানা পদ্ধতি অনুসরণ করেন। কিন্তু ভুল উপায়ে ফোন শুকাতে গেলে উপকারের পরিবর্তে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আইফোন পানিতে ভিজলে কী করবেন আর কোন কাজগুলো এড়িয়ে চলবেন, সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

অনেকের ধারণা, পানিতে ভেজা ফোন চালের মধ্যে রাখলে দ্রুত শুকিয়ে যায়। কেউ আবার হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করেন। তবে এসব প্রচলিত পদ্ধতি অনুসরণ না করার পরামর্শ দিয়েছে অ্যাপল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনেও বিষয়টি তুলে ধরা হয়েছে।

আইফোন ভিজে গেলে যে ৫ কাজ করবেন না

১. চালের মধ্যে ফোন রাখবেন না

পানিতে ভেজা ফোন শুকানোর জন্য চালের পাত্রে রাখা একটি প্রচলিত পদ্ধতি। তবে অ্যাপলের মতে, এটি নিরাপদ নয়। চালের ছোট ছোট কণা ফোনের চার্জিং পোর্টে ঢুকে ক্ষতি করতে পারে।

২. হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না

দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার কিংবা অন্য কোনো বাহ্যিক তাপের উৎস ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত তাপে ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

৩. সংকুচিত বাতাস দিয়ে শুকানোর চেষ্টা নয়

অনেকে চার্জিং পোর্টের পানি বের করতে কমপ্রেসড এয়ার ব্যবহার করেন। কিন্তু এতে পানি আরও ভেতরে চলে যেতে পারে। তাই এ পদ্ধতি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে অ্যাপল।

৪. চার্জিং পোর্টে কোনো বস্তু ঢোকাবেন না

পানি শুষে নেওয়ার জন্য চার্জিং পোর্টে কটন বাড, টিস্যু পেপার কিংবা কাগজের তোয়ালে ঢোকানো ঠিক নয়। এতে পোর্টের ভেতরের সংবেদনশীল অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

৫. ভেজা অবস্থায় চার্জ দেবেন না

ফোনের চার্জিং পোর্টে পানি বা আর্দ্রতা থাকলে চার্জার সংযুক্ত করা ঝুঁকিপূর্ণ। এতে চার্জিং পোর্ট ও কেবলের সংযোগস্থলে ক্ষয় বা স্থায়ী ক্ষতি হতে পারে। তাই পুরোপুরি শুকানোর আগে তারযুক্ত চার্জিং এড়িয়ে চলতে হবে।

পানিতে ভিজলে কী করবেন?

আইফোনে চার্জার লাগানোর সময় ‘লিকুইড ডিটেক্টেড’ সতর্কবার্তা দেখা গেলে প্রথমেই চার্জিং কেবল খুলে ফেলতে হবে। ফোন ও কেবলের দুই প্রান্তের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।

এরপর চার্জিং পোর্ট নিচের দিকে রেখে হাতের তালুতে ফোনটি আলতোভাবে টোকা দিতে হবে। এতে পোর্টে জমে থাকা অতিরিক্ত পানি বেরিয়ে আসতে পারে।

ফোনটি বাতাস চলাচল করে এমন শুকনো স্থানে অন্তত ৩০ মিনিট রাখতে হবে। এরপর চার্জিং পোর্ট ও কেবল শুকনো থাকলে আবার চার্জ দেওয়ার চেষ্টা করা যেতে পারে।

তবে পুনরায় তরল শনাক্ত হওয়ার সতর্কবার্তা দেখা গেলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। অ্যাপলের তথ্য অনুযায়ী, ফোনের ভেতরের আর্দ্রতা পুরোপুরি শুকাতে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

ফোন একেবারেই কাজ না করলে করণীয়

পানিতে ভেজার পর আইফোন অস্বাভাবিক আচরণ করলে বা কাজ করা বন্ধ করে দিলে সম্ভব হলে ফোনটি বন্ধ করে দিন। অপ্রয়োজনে বারবার চালু করার চেষ্টা করবেন না।

পরিষ্কার ও নরম কাপড় দিয়ে ফোনের বাইরের অংশ মুছে ফেলুন। এরপর বাতাস চলাচল করে এমন শুকনো স্থানে রাখুন। দীর্ঘ সময় পরও সমস্যা থেকে গেলে অনুমোদিত সার্ভিস সেন্টারের সহায়তা নেওয়া উচিত।

বর্তমানের অনেক আইফোনে পানি প্রতিরোধের সুবিধা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে ফোনটি সব ধরনের পানির সংস্পর্শে নিরাপদ থাকবে।

দীর্ঘ সময় পানিতে ডুবে থাকা, অতিরিক্ত আর্দ্রতা কিংবা চার্জিং পোর্টে পানি জমে থাকার কারণে ফোনের ক্ষতি হতে পারে। তা ছাড়া দীর্ঘদিন ব্যবহারের ফলে ফোনের পানি প্রতিরোধক্ষমতাও কমে যেতে পারে।

তাই আইফোন পানিতে ভিজে গেলে আতঙ্কিত না হয়ে সঠিক নিয়ম অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ। বিশেষ করে চালের মধ্যে রাখা, গরম বাতাস ব্যবহার কিংবা ভেজা অবস্থায় চার্জ দেওয়ার মতো ভুল এড়িয়ে চললে বড় ধরনের ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]