দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩২৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনবহির্ভূত এলাকায় ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৯৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে শনিবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ১০ হাজার ৩১২ জন। একই সময়ে এ রোগে প্রাণ হারিয়েছেন ৩৪২ জন।
ডেঙ্গুতে প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর