বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরিবহন শ্রমিকদের ডাকা এ ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশায় কয়েক দফায় যানবাহন বদলে গন্তব্যে যাচ্ছেন। এতে একদিকে সময় বেশি লাগছে, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
রোববার সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোনো রুটেই বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, যাত্রীরা বিকল্প যানবাহনের খোঁজে ছোটাছুটি করছেন।
সাপাহার উপজেলা থেকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে নওগাঁ শহরে আসেন মিজানুর রহমান। তিনি বলেন, সকালে সাপাহার বাসস্ট্যান্ডে গিয়ে দেখেন কোনো বাস ছাড়ছে না। পরে তিন দফায় ব্যাটারিচালিত রিকশা বদলে শহরে আসতে হয়েছে। এতে ১২০ টাকার ভাড়ার জায়গায় ২৫০ টাকা দিতে হয়েছে। সময়ও লেগেছে দ্বিগুণ। বাড়ি ফেরার পথেও একই দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা করছেন তিনি।
জরুরি কাজে সকালে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নওগাঁ শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছিল। সেই দুর্ভোগ কাটতে না কাটতেই আবারও কোনো ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকদের নিজেদের মধ্যে বিরোধ হলেই বাস বন্ধ করে দেওয়া হয়, যার ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
ধর্মঘটের কারণ জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও অটোরিকশাচালকেরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ কারণে বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
রফিকুল ইসলাম আরও বলেন, গত সেপ্টেম্বরে যাত্রী তোলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে তখন তিন দিন ধর্মঘট চলেছিল। পরে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে অটোরিকশা চালানো হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।
তবে বাস শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। তিনি বলেন, বাস মালিক ও শ্রমিকেরা বারবার সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করে নিজেদের দাবি আদায় করেন। তারা সড়কে অটোরিকশাও চলতে দিচ্ছেন না। গত সেপ্টেম্বরে বাস শ্রমিকেরা প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ নাকচ করে শহিদুল ইসলাম বলেন, সেপ্টেম্বরের বৈঠকে প্রশাসন ওই সময়ের প্রস্তাব দিয়েছিল মাত্র, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারা প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন এবং পরবর্তী বৈঠকে সমাধানের কথা ছিল। কিন্তু আর কোনো বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত অমান্যের প্রশ্নই ওঠে না।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর