নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও বালি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৯ ও হাসপাতালে ১ মোট ১০ জন নিহত হয়েছেন এবং আহত ২০ জনেরও বেশি।
মঙ্গলবার ( ২০ অক্টোবর) ভোর রাতে বনপাড়া পুলিশ তদন্তের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানানো হয়েছে, বাসে থাকা অনেক যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া অংশের ভেতর আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পর এলাকার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর