ইরানের ওপর কোনো দেশ হামলা চালালে সেই দেশে অভিযান চালানোর হুমকি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে নিজেদের প্রতিরক্ষা কৌশলকে ‘আক্রমণাত্মক ও অসমমিত’ নীতিতে রূপান্তরের কথা জানিয়েছে বাহিনীটি।
আল জাজিরার ২২ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এ অবস্থানের কথা জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে ইরানের পশ্চিম সীমান্তবর্তী এলাকায় কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান মহড়া চালিয়েছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে ইরান নিজেদের রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর স্থাপনাকে লক্ষ্য করে পাঠানো একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
এ ছাড়া সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তনের ঘোষণা এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনাগুলো আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর