নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস-বালিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুর্ঘটনার কারন অনুসন্ধানে তদন্ত কাজ শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি।
বুধবার ও (২২ অক্টোবর) বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতের নেতৃত্বে তদন্ত কমিটি সদস্যরা বনপাড়া-পাবনা মহাসড়কের সরদারপাড়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় দুর্ঘটনা কবলিত বাস, ট্রাক এবং মহাসড়কে কোন ত্রুটি, কিভাবে দুর্ঘটনা ঘটলো সে সব বিষয়ে কারণ অনুসন্ধান করেন তারা। এছাড়াও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটি।
পরে নাটোর সদর হাসপাতালে দুর্ঘটনায় আহতদের সাক্ষাৎকার নেয় তদন্ত কমিটি। খুব দ্রুত তদন্ত কাজ শেষ করে রিপোর্ট জমা দেওয়ার কথা জানান তদন্ত কমিটির প্রধান। এসময় নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আকতার হোসেন খান সহ সড়ক বিভাগ, বিআরটি, পুলিশ প্রতিনিধি সহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কের সরদারপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ ১২জন নিহত হয়। এই দূর্ঘটনায় আহত হয় ৩২ জন। আহতদের রামেক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এদিকে, বনপাড়া হাইওয়ে পুলিশ থানার এসআই আকবুল হোসেন বাদী হয়ে বাস ও ট্রাকের অজ্ঞাত চালকদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর