সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ১১টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান। শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জোটের বিবৃতি অনুযায়ী, সৌদি আরবের রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মদিনা, পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের আকাশে ড্রোনগুলো প্রতিহত করা হয়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরানের দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়।
জোটের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের সর্বশেষ বিবৃতিতে দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া দুটি ড্রোন ধ্বংসের কথা জানানো হয়। এর আগে রিয়াদ ও মদিনার আকাশে চারটি, রিয়াদের ওপর আরও একটি এবং পূর্বাঞ্চলে চারটি ড্রোন প্রতিহত করার কথা জানানো হয়েছিল।
তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল, কিংবা সেগুলো প্রতিহত করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি জোট।
এর আগে হামলায় নিহত চার
এর এক দিন আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির পূর্বাঞ্চলে হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন হামলা প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে আরামকোর একটি তেল স্থাপনার কাছে দুজন নিহত হন। এ ছাড়া দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলায় আরও দুজন নিহত হওয়ার খবর জানানো হয়।
বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট সাতটি ড্রোন প্রতিহত করার কথাও জানিয়েছিল। এর মধ্যে একটি দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল এবং ছয়টি মদিনা ও পূর্বাঞ্চলের আকাশে প্রতিহত করা হয়।
সৌদি-হুথি সংঘাতের উত্তেজনা
সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে হুথিদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর লড়াইও নতুন করে বেড়েছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বেশ কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথি গোষ্ঠী।
সূত্র: আনাদোলু এজেন্সি
সাজু/নিএ
সর্বশেষ খবর