• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৬:৩২ বিকাল

৩ দাবিতে গণবিক্ষোভের ডাক এনসিপির

ফাইল ফটো

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।

শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছে, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ ‘সব কর্তৃত্ববাদী আইন’ বাতিল করতে হবে।

গণবিক্ষোভের আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, তা বর্তমানে খুন, সরকারদলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই ও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধূলিসাৎ হতে বসেছে। সারাদেশে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রতিনিয়ত এসবের শিকার হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক হত্যা, মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া এবং প্রকাশ্য দিবালোকে ডাকাতির মতো ঘটনা ঘটছে। অন্যদিকে চাল, ডাল, তেল, ডিম ও এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে নিম্ন ও মধ্যবিত্তের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। জনগণের এই ভোগান্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে এনসিপি জানায়, গত ১৫ অক্টোবর নেত্রকোণায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে এক দিনে ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় একজন সংসদ সদস্যের নেতৃত্বে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১১৩ জন এবং গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) বরাতে এসব পরিসংখ্যান তুলে ধরে এনসিপি।

এনসিপির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে দলটি জানায়, আগে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া এলপিজি গ্যাসের দাম এখন ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত হয়েছে। আগে মাসে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বিদ্যুৎ বিল আসত, এখন তা ৪ হাজার টাকা পর্যন্ত হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে সয়াবিন তেল, চাল, রসুন, টমেটো, ময়দা, করলা, মসুর ডাল, বরবটি, শুকনা মরিচ, বেগুন ও ডিমের দামও তুলে ধরে এনসিপি। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে সয়াবিন তেল প্রতি লিটার ২০০ থেকে ২১০ টাকা, চাল প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকা, মসুর ডাল ১৫০ থেকে ১৬০ টাকা এবং ডিম প্রতি ডজন ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

এসব পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]