রাজধানীর মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক এসব যন্ত্রপাতি সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অনলাইন দরপত্র আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ই-দরপত্র আহ্বান করেন।
বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দরপত্রে অংশগ্রহণের নিয়মাবলি ও প্রয়োজনীয় তথ্য ই-জিপি পোর্টাল এবং সংশ্লিষ্ট হেল্পডেস্ক থেকে জানা যাবে।
এদিকে, একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সরঞ্জাম ও ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক সরঞ্জামের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও তদারকি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি সংগ্রহ করা যাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর