দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে প্রাণ হারিয়েছেন ৩৭৬ জন।
এদিকে, গত কয়েক বছরের পরিসংখ্যানেও দেশে ডেঙ্গুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২৫ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর রোগটিতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। সে বছর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাস পূর্ণ হওয়ার আগেই ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের দুই বছরের বার্ষিক মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। তবে চলতি বছরের মৃত্যুর সংখ্যা এখনো ২০২৪ ও ২০২৫ সালের মোট মৃত্যুর তুলনায় কম রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর