টঙ্গীর একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে দেওয়া বক্তব্যের রেশ কাটতে না কাটতেই নতুন মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “শিক্ষার্থীকে শাসন করার অধিকার যদি শিক্ষক রাখেন, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে অনৈতিক প্রপোজ করলে সেই শিক্ষকের গালে থাপ্পড় দেওয়ার অধিকারও শিক্ষার্থীর বাবা রাখেন।”
তাহেরীর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, অভিভাবকের দায়িত্ব এবং অনৈতিক আচরণের অভিযোগে আইনি ও সামাজিক প্রতিক্রিয়া—এসব বিষয় সামনে এসেছে।
এ বিষয়ে মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশ উদ্দীন বলেন, “টঙ্গীর শিশু ও আলেমকে থাপ্পড় দেওয়ার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে নারী ও শিশু নির্যাতন আইন, অন্যদিকে ধর্মীয় অনুভূতি ও একজন পিতার আবেগ—সবকিছুই এখানে জড়িত। এমন কঠিন সময়ে তাহেরী হুজুরের সাহসী মন্তব্যই প্রকৃত জিহাদ।”
আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মুজাম্মিল হক মাসুমী বলেন, “যেকোনো ক্রাইসিস মুহূর্তে তাহেরী হুজুরের সাহসী ও সুচিন্তিত বক্তব্য জাতিকে পথ দেখায়। ভণ্ডদের লেবাস খুলতে তাহেরী হুজুরের জুড়ি নেই।”
তাহেরীর নতুন এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর