নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিচ্ছেদ নিয়ে সম্প্রতি ছড়িয়েছে নানা গুঞ্জন। তবে এসব খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী। ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা না ছড়িয়ে তাদের কাজের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি গুঞ্জন ছড়ায় ফারুকী ও তিশা আলাদা থাকছেন। এ বিষয়ে মন্তব্য করতে চান না জানিয়ে ফারুকী বলেন, তারা দুজনই বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী নন। তার মতে, এ ধরনের ভুল তথ্যের জবাব দিলে তা আরও আলোচনার সুযোগ তৈরি করবে।
ফারুকী বলেন, ‘মিথ্যা খবর প্রচার করলেই তা সত্য হয়ে যায় না।’ তার অভিযোগ, বিচ্ছেদের গুঞ্জন এখন ব্যক্তিগত আক্রমণে রূপ নিয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্যেই নিজের কাজের খবরও জানিয়েছেন এই নির্মাতা। গত ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরেন তিনি। সেখানে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণ নিয়ে বক্তব্য দেন।
বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন এই নির্মাতা। এর মধ্যে একটির শুটিং ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় শেষ হয়েছে। পাশাপাশি একটি চলচ্চিত্রের গল্প চূড়ান্ত করেছেন তিনি এবং আরেকটি চলচ্চিত্রের কাজও শুরু করেছেন।
এদিকে ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন তিশা। পাশাপাশি নতুন একটি আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে তার আলোচনা চলছে বলে জানা গেছে।
২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন ফারুকী ও তিশা। ২০২২ সালে জন্ম হয় তাদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর