সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃপেশ রায় (৪০) নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামসহ পুরো জেলায় উত্তেজনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কৃপেশ রায় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিদের সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) কৃপেশ রায়ের নিজস্ব ফেসবুক আইডি (‘Kripash Ray’) থেকে মহানবী (সা.)-কে নিয়ে একটি অবমাননাকর পোস্ট করা হয়। স্থানীয়দের অভিযোগ, এই পোস্টের মাধ্যমে এলাকায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট ও দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, অভিযুক্ত কৃপেশ রায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার ভাষ্য, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের তার চাচাতো ভাই পন্টি রায় তাকে ফাঁসানোর উদ্দেশ্যে তার ফেসবুক আইডি ব্যবহার করে বা ভুয়া পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেছে। এ বিষয়ে আইনি সুরক্ষার জন্য সোমবার সকালে কৃপেশ রায় নিজে বাদী হয়ে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে স্থানীয় এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হয়েছে। এলাকাবাসী বিশৃঙ্খলা সৃষ্টি না করার বিষয়ে একমত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, অভিযুক্ত কৃপেশ রায় দাবি করেছেন যে একটি চক্র তাকে ফাঁসানোর জন্য এই কর্মকাণ্ড চালিয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুলিশ তা গুরুত্বের সঙ্গে দেখছে। ওসি আরও বলেন, ‘আমরা যাচাই-বাছাই করছি যে তার আইডি হ্যাক হয়েছিল কি না। এ নিয়ে যাতে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর