নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।
বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আয়োজনে এ কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন।
শিক্ষকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আদেশ অবিলম্বে জারি করা এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা।
বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বদলির জন্য আবেদন গ্রহণের দেড় মাস হতে চললেও এখনো এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশ করা হয়নি। ফলে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।
তিনি অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশের দাবি জানান।
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি
দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা এখনো নিশ্চিত নয়।
এই অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারির দাবি জানান তিনি।
শতভাগ উৎসব ভাতা চান শিক্ষকরা
উৎসব ভাতার বৈষম্য তুলে ধরে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সেই সুবিধা পান না। তাঁর মতে, এটি চাকরির ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য তৈরি করেছে।
এ বৈষম্য দূর করতে আগামী ঈদুল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছেন তিনি।
তিন দফা দাবি আদায়ে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান আন্দোলনকারীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর