চট্টগ্রামের চন্দনাইশ বাগিচাহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার সময় উপজেলার বাগিচাহাট বাঁকে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ৪০ জনের অধিক যাত্রী নিয়ে বাসটি সড়কের মাঝেই উল্টে যায়।
এই ঘটনায় বাসটিতে থাকা ২৫ জন যাত্রী গুরুতর আহত আহত হয় বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনার সময় বাসে থাকা অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল।
জানা যায়, সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রাতে কক্সবাজার যাচ্ছিল। এসময় বাসটি ভোর সাড়ে ৪টার সময় চন্দনাইশের বাগিচাহাট বাঁকে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের মধ্যেই উল্টে যায় এবং বাসে থাকা সব যাত্রী কম-বেশি আহত হয়। এরমধ্যে অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে পাঠায়। তবে আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল আবছার জানান, ভোর আনুমানিক সাড়ে ৪ টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি বাগিচাহাট বাঁকে এসে উল্টে যায়। এতে ২০ জনের অধিক যাত্রী আহত হয়েছেন। তবে এখনো তাদের নাম ও ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। পুলিশ উল্টে পড়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানান, বাসের চালকের চোখে ঘুম নেমে আসায় হয়তো এ দুর্ঘটনা ঘটতে পারে। দূর্ঘটনার পরপর চালক ও পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুশল/সাএ
সর্বশেষ খবর