স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। হতাহতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ চলছে।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার পর টলেডোর কাছে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের সঙ্গে সংযোগকারী উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ধারকাজ পরিচালনার জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার কারণ এবং হতাহতের পূর্ণাঙ্গ বিবরণ নির্ধারণে কাজ চলছে। প্রাথমিকভাবে ট্রেন দুটির সংঘর্ষের ঘটনা নিশ্চিত করা হলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
চলতি বছরের জানুয়ারিতেও স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। একই বছরে আবারও বড় ধরনের প্রাণঘাতী রেল দুর্ঘটনা দেশটির রেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র: রয়টার্স
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর