সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। অন্যদিকে, চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।
টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী ও জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে পুলিশকে তথ্য দেন দীপ।
তবে দীপের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।
নৌ পুলিশের সূত্র জানায়, রিমান্ডে দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে পাওয়া আলামত মিলিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।
চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই করা হবে। প্রয়োজনে তাঁকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর