জুমার খুতবায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার পর ময়মনসিংহের নান্দাইলের একটি মসজিদের খতিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৩ অক্টোবরের ওই বক্তব্যকে কেন্দ্র করে মসজিদ পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ করেছেন খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম।
অব্যাহতি পাওয়া মোজাহিদুল ইসলাম নান্দাইল পৌরসভার বেতাল মহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ভারপ্রাপ্ত নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল হক তারেক জানিয়েছেন, গণমাধ্যমের মাধ্যমে ঘটনা জানার পর রোববার স্থানীয় থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গেছে, গত ২৩ অক্টোবর জুমার নামাজের আগে খুতবায় মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং এসব বিষয়ে মুসলমানদের অবস্থান নিয়ে আলোচনা করেন মাওলানা মোজাহিদুল ইসলাম। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যের প্রসঙ্গ টেনে তিনি শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেন।
খতিবের দাবি, ওই বক্তব্যের পর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, খুতবায় দেওয়া বক্তব্য নিয়ে কারও আপত্তি থাকলে আলোচনা করে সমাধানের সুযোগ ছিল। তাঁদের মতে, এভাবে হঠাৎ একজন খতিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হয়নি।
অন্যদিকে, মাওলানা মোজাহিদুল ইসলাম দাবি করেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। খুতবার আলোচ্য বিষয়ের উদাহরণ হিসেবে শেখ হাসিনার প্রসঙ্গ এনেছিলেন। তাঁর অভিযোগ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।
তবে এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর