জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দাবি আদায়ের নামে অপ্রাসঙ্গিক আন্দোলন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ, আবাসন সংকট নিরসনসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তবে এসব দাবি আদায়ের আন্দোলন যেন কোনোভাবেই অপ্রাসঙ্গিক হয়ে না ওঠে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সব দাবি একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বিদ্যমান সুযোগ-সুবিধা বিবেচনা করেই যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের বিকল্প নেই। অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন আরও সহজ হবে। তাই শিক্ষার্থীদের নিজেদের দাবি-দাওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও বিবেচনায় রাখা প্রয়োজন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর