দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি দুজনের একজন সিলেট এবং অন্যজন খুলনা বিভাগের।
একই সময়ে সারা দেশে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৪০২ জনের হাম শনাক্ত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে আরও ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন।
এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৫২০ জন আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, হাম পরিস্থিতি মোকাবিলায় রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর