রাজধানীর মহাখালীতে অবস্থিত ডি বিসি নিউজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডি বিসি নিউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং প্রতিষ্ঠানটির ক্রাইম চিফ রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ডি বিসি নিউজের মহাখালী কার্যালয় থেকে তাঁদের নিয়ে যান। পরে ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে পেরে ডিবি পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
আকতার হোসেন বলেন, বর্তমানে তাঁদের সঙ্গে ডিবি পুলিশ কথা বলছে। নিরাপত্তার স্বার্থে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। ওই দিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাঁকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাঁকে জাতীয় প্রেসক্লাবে দেখা যায়।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডি বিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
অপরাধ এর সর্বশেষ খবর