যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মিসরীয় বংশোদ্ভূত চিকিৎসক আদম হামাউই। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে জয়ী হয়ে তিনি অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম মুসলিম ও মিসরীয়-আমেরিকান কংগ্রেস সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। এর আগে গাজায় চিকিৎসাসেবা দিতে একাধিকবার মানবিক চিকিৎসা মিশনে অংশ নিয়েছিলেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নির্বাচনে জয়ের পর দেওয়া বক্তব্যে ফিলিস্তিনের গাজা ও সেখানকার মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করেন হামাউই।
তিনি বলেন, ‘গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলছি, তোমাদের হাসিই আমাকে আরও সুন্দর পৃথিবীর জন্য লড়াই করার সাহস ও আশা জোগায়।’
আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠায় হামাউইর জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদমাধ্যম এমএস নাউয়ের পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ২৫০-এ পৌঁছাতে পারে।
ট্রাম্পকে জবাবদিহির আওতায় আনার ঘোষণা
নিউ জার্সির প্রিন্সটনে আয়োজিত নির্বাচনি বিজয় অনুষ্ঠানে হামাউই বলেন, তিনি দায়িত্ব পালনের জন্য প্রস্তুত এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহির আওতায় আনতে কাজ করবেন।
নিজের চিকিৎসক পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আমি একজন সার্জন। আমি বলতে পারি, আমরা রক্তক্ষরণ বন্ধ করব। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে যাদের পেছনে ফেলে রেখেছে, সেই প্রত্যেক আমেরিকানের জন্য লড়াই করব।’
অনুষ্ঠানে কংগ্রেস সদস্য বনি ওয়াটসন কোলম্যান তাঁকে মঞ্চে পরিচয় করিয়ে দেন। এ সময় ইহুদি সংগঠন জিউস ভয়েস ফর পিসের সদস্যদের ‘জিউস ফর হামাউই’ লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
প্রচারে মুসলিমবিদ্বেষী আক্রমণের অভিযোগ
নির্বাচনি প্রচারণায় হামাউইকে মুসলিমবিদ্বেষী বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হামাউই বলেন, যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী ঘৃণা প্রকাশ্যে এতটা উচ্চকণ্ঠ ও গ্রহণযোগ্য হয়ে উঠতে আগে কখনো দেখেননি। শুধু নিউ জার্সি নয়, পুরো দেশেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তাঁর ভাষ্য, এসব আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন তাঁর পরিবারের সদস্য, সহকর্মী ও বন্ধুরাও। এমনকি তাঁর দেশপ্রেম ও আনুগত্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
‘স্বাস্থ্যসেবা চাই, বোমা নয়’
হামাউইর নির্বাচনি প্রচারণায় ফিলিস্তিনের পক্ষে অবস্থান এবং স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার বার্তা ভোটারদের আকৃষ্ট করেছে।
নিউ জার্সির ভোটার ইয়োশি বলেন, হামাউইর ‘স্বাস্থ্যসেবা চাই, বোমা নয়’—এই বার্তাটি তাঁর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়েছে। তিনি হামাউইর নির্বাচনি প্রচারণায় স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেছেন।
ইয়োশির মতে, তৃণমূল পর্যায়ের সংগঠিত মানুষের শক্তি অর্থের প্রভাবকেও পরাজিত করতে পারে। ফিলিস্তিনপন্থি ভোটার ও সংগঠকদের প্রচেষ্টাই হামাউইর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে নির্বাচনে জয়ই তাঁদের কাজের শেষ নয় বলে মনে করেন তিনি। তাঁর মতে, গাজা এখনো অবরুদ্ধ এবং সেখানে হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধের পেছনে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় বন্ধ হওয়া উচিত।
বিতর্ক ও অতীতের সমালোচনা
নির্বাচনি প্রচারণার সময় হামাউইর ফিলিস্তিনপন্থি অবস্থান নিয়ে ইসরায়েলপন্থি ও ডানপন্থি বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়।
চলতি বছরের মে মাসে ওয়াল স্ট্রিট জার্নালের একটি মতামতধর্মী নিবন্ধে হামাউইর মূল্যবোধের সঙ্গে সাজাপ্রাপ্ত মুসলিম ধর্মীয় নেতা ওমর আবদেল রহমানের মূল্যবোধের তুলনা করা হয়েছিল।
১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে একটি সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলায় সাবেক মিসরীয় প্রেসিডেন্ট হোসনি মোবারককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আবদেল রহমান দোষী সাব্যস্ত হন। পরে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং ২০১৭ সালে কারাগারে তাঁর মৃত্যু হয়।
ওই মামলায় সাক্ষ্য দেওয়া প্রায় ২০০ জনের মধ্যে হামাউইও ছিলেন। আদালতে তিনি বলেছিলেন, ওই ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব প্রকাশ করলেও হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেননি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর