স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন চালিয়েছে, অথচ এখনো ক্ষমা চায়নি কিংবা অনুশোচনা করেনি, তাদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী নির্বাচনের আগে এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীনের পক্ষে, দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির হজরত মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে ১৬-১৭ বছর লেগেছে। এ সময়ে বহু আলেম-ওলামা ও ছাত্র শহীদ হয়েছেন। তাঁদের অনেকের নাম এখনো মানুষ জানে না, এমনকি অনেকের কবরের ঠিকানাও জানা নেই।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে বিগত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি নিজেও গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে বলেন, আল্লাহর রহমতে এবং মানুষের দোয়ায় তিনি বেঁচে আছেন।
এ ছাড়া ওই সময়ে প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি আবার সেই ফ্যাসিবাদীদের পুনরাগমন চাই? তাহলে সেই ক্ষেত্র আজ কারা তৈরি করে দিচ্ছে?’
তিনি অভিযোগ করেন, যারা গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে।
ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশে কিছু দুষ্কৃতকারী ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে। নিজেদের ইসলামী দল দাবি করলেও তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা কিংবা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার সুস্পষ্ট অঙ্গীকার নেই। বরং তারা শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা বিসমিল্লাহ সংযোজন করেছি, কোরআন পাঠ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। আমরা এ দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃষ্টি করেছি, যেখানে সবার একটি জাতীয় পরিচয় রয়েছে।’
দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করছে, তাদের কার্যক্রমে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই। তারা কেবল বিভক্তি সৃষ্টি করছে। স্বাধীনতার আগে ও পরে বিভ্রান্তিমূলক রাজনীতির মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। এখন আবারও সেই পথে যাওয়ার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর