• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৫১ রাত

প্রধানমন্ত্রীকে হাতে লেখা পুরো কুরআন উপহার দিল ৯ বছরের অরিনা

ছবি: সংগৃহীত

মাত্র ৯ বছর বয়সে ৪০ দিনের পরিশ্রমে পবিত্র কুরআন শরিফের সম্পূর্ণ অংশ হাতে লিখেছিল অরিনা সাফা খান। নিজের জীবনের অন্যতম সেরা কাজ মনে করা সেই কুরআনই এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অরিনা। এ সময় নিজের হাতে লেখা কুরআন শরিফটি তাঁকে উপহার দেয় সে। প্রধানমন্ত্রীও সাদরে উপহারটি গ্রহণ করেন।

পরে একই দিন স্টেডিয়ামে চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ও কুরআন লেখার গল্প জানায় অরিনা।

অরিনার বাড়ি খুলনার মুজগুন্নী এলাকায়, আরাফাত মসজিদসংলগ্ন সড়কে খোকন মুন্সীর বাড়িতে। তার বাবা শুকুর আলী খান এবং মা রাশিদা বেগম। দুই সন্তানের একজন অরিনা। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মাত্র ৯ বছর বয়সে কুরআন শরিফ লেখা শুরু করে সে। প্রায় ৪০ দিনের মধ্যে পুরো কুরআন লেখা শেষ করে।

প্রধানমন্ত্রী খুলনায় আসবেন জানতে পেরে তাঁকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবতে থাকে অরিনা। একপর্যায়ে নিজের হাতে লেখা কুরআন শরিফটিই উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ, তার কাছে এটি শুধু একটি উপহার নয়, বরং জীবনের অন্যতম সেরা কাজ।

শুক্রবার (৬ নভেম্বর) চ্যানেল টোয়েন্টিফোরকে অরিনা বলে, ‘আমি যে কুরআন শরিফটি হাতে লিখেছি, সেটিই প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার কথা ভাবলাম। পরে না হয় আমি আবার একটি লিখে নিতে পারব।’

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে অরিনা বলে, শুরুতে কিছুটা নার্ভাস লাগছিল, ভয়ও করছিল। তবে প্রধানমন্ত্রী আপনজনের মতো আন্তরিকভাবে কথা বলায় তার অস্বস্তি কেটে যায়। অরিনা বলে, ‘আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার।’

জানা গেছে, অরিনা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি শিশু শিল্পী হিসেবেও পরিচিত সে। ইসলামি সংগীত পরিবেশন করে অরিনা। তার প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালিশপুরের কনটেন্ট ক্রিয়েটর নাঈম হাসান।

মাত্র ৯ বছর বয়সে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া অরিনার কাছে কুরআন লেখার অভিজ্ঞতা যেমন স্মরণীয়, তেমনি নিজের হাতে লেখা সেই কুরআন দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারাও তার জীবনের বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]