রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে টার্মিনালের পেছনের দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পেছনে সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাস টার্মিনালে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সাজু/নিএ
সর্বশেষ খবর