ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় জানা গেছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।
পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়।
আটক রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত কফিরউদ্দিন প্রামাণিক। তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় বসবাস করেন। সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের খুটিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মো. ইদ্রিস আলী। অন্যদিকে নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নিজামুল হক।
এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানগুলো হলো নীলক্ষেত, সিনেট ভবনের সামনের এলাকা, টিএসসি (দুটি) এবং শাহবাগ মোড়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। এ সময় মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় উপস্থিত লোকজন তাঁদের আটক করেন।
বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণে দায়িত্ব পালনকারী এক নিরাপত্তাপ্রহরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে বিস্ফোরণের শব্দ শোনেন তিনি। তখন তিনি সার্ভেইল্যান্স বক্সের ভেতরে ছিলেন। তোরণের পাশের ল্যাম্পপোস্টগুলোতে পর্যাপ্ত আলো না থাকায় কারা ককটেল রেখেছিল, তা দেখতে পারেননি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। সাধারণ মানুষ যেন নিরাপদে জীবনযাপন করতে পারে, সে জন্য সংগঠনটি সব সময় সোচ্চার থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছেন তাঁরা। টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় কেউ গুরুতর আহত হননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অধিকতর তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর