জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিশেষ পোশাক, হেলমেট ও মাস্ক পরা ব্যক্তিদের লাঠি ও অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে শহরের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ককটেল বিস্ফোরণের ঘটনায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এ ঘটনায় বিএনপির একাধিক নেতা হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, যারা এমন মহড়া ও বিস্ফোরণ ঘটিয়েছে, তারা কারা? ঐক্য ও সংহতির কর্মসূচিতে এ ধরনের কর্মকাণ্ড কীসের ইঙ্গিত দিচ্ছে? তাদের মতে, এসব ঘটনায় সাধারণ মানুষের কাছে দলের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালিটি দাগনভূঞা সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চবিদ্যালয়ের ফটকে পৌঁছালে নিউ সুলতান মার্কেট ও জিরো পয়েন্ট এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। র্যালি শেষে নেতাকর্মীরা কলেজ রোডের দিকে যাওয়ার সময়ও ফের বিস্ফোরণ হয়। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। বিস্ফোরণের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লে পথচারীদের ছোটাছুটি করতে দেখা যায়। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, সদস্যসচিব কামরুল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিনা আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম বাহাদুর, জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন সবুজ, জেলা যুবদলের সদস্য শাখাওয়াত হোসেন মামুন ও হাসানুজ্জামান শাহাদাত, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহম্মদ ডিপলু, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ভূঞা, নাসির উদ্দিন ও জামাল উদ্দিন টিংকু, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শিপন এবং ছাত্রদল সভাপতি সামিমুল হক রাজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, র্যালির আগে ও পরে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে বিশেষ পোশাক, হেলমেট ও মাস্ক পরে লাঠি হাতে র্যালির নিরাপত্তায় অবস্থান নিতে দেখা যায়। তাদের বহন করা ব্যাগে বিশেষ কিছু ছিল বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। কয়েকজনের শরীরে অস্ত্রও দেখা গেছে বলে জানান তারা। তবে ককটেল বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেননি প্রত্যক্ষদর্শী বা পুলিশ। প্রকাশ্য সড়কে বিপুলসংখ্যক ব্যক্তির এমন পোশাক ও লাঠি হাতে অবস্থান সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।
এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতারাও। জেলা বিএনপির সদস্য মাহবুল হক রিপন বলেন, বিপ্লব ও সংহতি দিবসের মতো কর্মসূচিতে এ ধরনের অপতৎপরতা ও মহড়া সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিয়েছে। এতে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।
দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট, দালাল ও চাটুকারদের নিয়ে দাগনভূঞা বিএনপি চলতে পারে না। আমার বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে মহড়া দেওয়া হয়েছে। আমাকে গালিগালাজ করা হয়েছে। দাগনভূঞা থানার ওসির প্রত্যক্ষ মদদে এসব করা হয়েছে। স্থানীয়দের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটেছে।’
জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বলেন, পুলিশের সামনেই শোভাযাত্রায় কয়েকজন হলুদ গেঞ্জি পরে ব্যাগভর্তি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। এ ঘটনায় তারা শঙ্কিত ও আতঙ্কিত। দাগনভূঞার মানুষের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে অস্ত্রের প্রদর্শনী কোনোভাবেই কাম্য নয়।
র্যালি শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, বিএনপি একটি বড় দল। নেতাকর্মীদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে দলের স্বার্থে তারা ঐক্যের ডাক দিয়েছেন। দাগনভূঞার মাটিতে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। নেতৃত্বের অপেক্ষায় থাকা নেতাকর্মীদের সব মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তবে সরকারকে বেকায়দায় ফেলতে যারা বাজারে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন। তবে অনুষ্ঠানকে ঘিরে দুপুর থেকেই উত্তেজনা থাকায় বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
দলীয় সূত্রে জানা গেছে, দাগনভূঞা বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছে। গত ২ সেপ্টেম্বর দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হন। এর আগের বছর ৫ আগস্ট দুই পক্ষের সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন।
দলীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং বহিষ্কৃত ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের পক্ষের মধ্যে অর্ধশতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর