রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতরে বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন। মাথায় ও ঠোঁটে গুরুতর আঘাত নিয়ে তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের থাইংখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ নম্বর আশ্রয়শিবিরের একটি বাজারের শত শত দোকানপাটের নিয়ন্ত্রণ নিয়ে কয়েক মাস ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। বাজারের চলাচলের রাস্তা বন্ধ করে দোকানপাটের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগও রয়েছে। নুরুল আমিন ও জয়নালের নেতৃত্বাধীন বিএনপির একটি পক্ষ বাজারের দোকানপাটের নিয়ন্ত্রণ নিলে স্থানীয় লোকজন ও রোহিঙ্গাদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বাজারের নিয়ন্ত্রণ নিয়ে আলমগীর মার্কেট ও জয়নাল মার্কেট-সংশ্লিষ্ট পক্ষের বিরোধের ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার দিন নুরুল আমিন কয়েকজনকে সঙ্গে নিয়ে আলমগীর মার্কেটে যান। সেখানে এক রোহিঙ্গার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তিকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন জড়ো হন এবং নুরুল আমিনের ওপর পাল্টা হামলা চালানো হয়। তাকে এলোপাতাড়ি লাথি-ঘুষি মেরে রক্তাক্ত করা হয়। হামলায় স্থানীয় লোকজনের পাশাপাশি রোহিঙ্গাদের একটি অংশও অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাবুকতাগিন মাহমুদ সোহেল জানান, নুরুল আমিনের মাথায় দুটি গভীর ক্ষত রয়েছে এবং ঠোঁটেও আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা জানান, নুরুল আমিনের শারীরিক অবস্থা গুরুতর। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলমগীর ও সরওয়ারের নেতৃত্বে এ হামলা চালিয়েছেন। তবে নুরুল আমিনের ভাই নুরুল আবছার মুন্নার দাবি, বাজার থেকে সংগ্রহ করা প্রায় ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে নামেন। কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ অন্তত চারটি স্থানে সড়ক অবরোধ করেন তারা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আলমগীর মার্কেট ও জয়নাল মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ নিয়ে দুটি মামলাও রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় নুরুল আমিন আলমগীর মার্কেটে গিয়ে তর্কে জড়ালে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করেন। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর