খুলনায় অন্য এক মেয়ের সঙ্গে কথা বলা এবং বিয়েতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর খালিশপুরের আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অনিক হাসনাত মুন্না (১৯) খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়। পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রাতিষ্ঠানিক সূত্রে জানা গেছে, অনিকের সঙ্গে একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের এক ছাত্রীর (১৮) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ে নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। পাশাপাশি অনিক অন্য এক তরুণীর সঙ্গে যোগাযোগ রাখছেন—এমন বিষয় নিয়েও তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এর জের ধরে ওই ছাত্রী অনিকের পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান জানান, অন্য এক তরুণীর সঙ্গে কথা বলা নিয়ে ভুল বোঝাবুঝির জেরে সকালে দুজনের দেখা হলে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, ঘটনার পর দুপুরে আহত অনিক থানায় এসে ওই তরুণীর বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ করবেন না বলে পুলিশকে জানিয়েছেন। বিষয়টি নিজেদের মধ্যে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সমাধান করবেন বলেও তিনি জানান।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর