• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ রাত

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানির সব মামলা প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলা হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ অন্য সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ জন্য সংশ্লিষ্টদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৪টা ২০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদিন ফারুকের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশেরই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র জমা হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলোও প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে। ইতোমধ্যে এ প্রক্রিয়ায় ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে।

তিনি জানান, যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু ব্যক্তি বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী হিসেবে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন। এ কারণে সব মামলা একসঙ্গে প্রত্যাহার করা সম্ভব হয়নি।

মন্ত্রী আরও বলেন, এখনো যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তারা নির্ধারিত ফরমে আবেদন করলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক প্রমাণিত হলে হত্যা মামলাও প্রত্যাহার করা হতে পারে। তবে ধর্ষণ মামলা কোনোভাবেই প্রত্যাহারের আওতায় আসবে না।

এর আগে সংসদ সদস্যদের এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিচারক সংকটের বিষয়ে সংসদ সদস্য মো. কেরামত আলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিচারকের ৩৯৪টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই এ সংকট কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের জন্য যেসব আবেদন এসেছিল, তার মধ্যে ছাত্রশিবিরের আবেদনগুলো নির্ধারিত ফরমে থাকায় সেগুলো প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন সঠিক ফরমে না থাকায় ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফোন করে আবেদনগুলো সঠিক ফরমে পুনরায় জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

অন্যদিকে সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তাঁর বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ অন্যান্য সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ জানান।

জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনো মামলার গায়ে রাজনৈতিক মামলা হিসেবে উল্লেখ থাকে না। তাই রাজনৈতিক হয়রানির শিকার নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]