শ্রমিক বিক্ষোভের মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের ১৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পর্যায়ক্রমে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন এবং আশপাশের কারখানার শ্রমিকদের জড়ো হওয়ার পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে গাজীপুরের বেশির ভাগ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরাও কাজে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড এবং কাশিমপুর এলাকার মন্ডল গ্রুপের শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকার নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকেরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পাশাপাশি আশপাশের কারখানার শ্রমিকদের তাঁদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
এ পরিস্থিতিতে আশপাশের কারখানার শ্রমিকেরা জড়ো হতে শুরু করলে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটির পর অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও আন্দোলনকারীদের একটি অংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা নাওজোড় থেকে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শিল্প পুলিশ, থানা পুলিশ, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে রয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। তবে শ্রমিক বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর