ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় কাছের রামোন বিমানবন্দর। তবে অবকাঠামো পরীক্ষা শেষে আবারও বিমানবন্দরটির কার্যক্রম শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ দশমিক ৫ মাইল দক্ষিণে। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রামোন বিমানবন্দরে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। এ ছাড়া ইলাত ও আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোর বাসিন্দাদের স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেয় হোম ফ্রন্ট কমান্ড।
ভূমিকম্পের পর নিরাপত্তা নিশ্চিত করতে ‘পরিদর্শন ও অবকাঠামো পরীক্ষা’র কথা জানিয়ে সাময়িকভাবে রামোন বিমানবন্দর বন্ধ করে দেয় ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে এক বিবৃতিতে জানানো হয়, পরিদর্শন ও অবকাঠামো পরীক্ষা শেষ হওয়ার পর বিমানবন্দরটির পূর্ণাঙ্গ কার্যক্রম আবার শুরু হয়েছে।
এদিকে, ২০২৭ সালকে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড। বুধবার দেওয়া এক বিবৃতিতে কমান্ড জানায়, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি জোরদার করতে একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘২০২৭ সালকে ভূমিকম্প প্রস্তুতির বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে কমান্ডের নেতৃত্বে ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে, যার সমাপ্তি ঘটবে একটি বড় জাতীয় মহড়ার মধ্য দিয়ে।’
সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, প্রস্তুতির ক্ষেত্রে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো—প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতি জোরদার করা, কমান্ডের সক্ষমতা বৃদ্ধি এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সামর্থ্য উন্নত করা। পাশাপাশি বড় ভূমিকম্পের পরিণতি মোকাবিলায় আইডিএফের প্রস্তুতিও আরও শক্তিশালী করা হবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর