• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫২ দুপুর

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ সরকারের: নৌপরিবহন মন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নদীর তীর সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, দূষণের উৎস নিয়ন্ত্রণ এবং আধুনিক নৌযান ও নৌস্টেশন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন এমন ব্যক্তিদের সঙ্গে কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, নদীর দুই পাশ সংরক্ষণ করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে কিছু এলাকায় ওয়াকওয়ের অসম্পূর্ণ সংযোগ বা মিসিং লিংক রয়েছে। সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নদীর তীর এমনভাবে গড়ে তুলতে চায় সরকার, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষ যেন নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল হন, সে লক্ষ্যেই বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন এমন ব্যক্তিদের কর্মসূচিতে যুক্ত করার উদ্দেশ্য হলো তাদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

নদী দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। পাশাপাশি নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও এসব অবকাঠামো ইতিবাচক ভূমিকা রাখছে। কিছু এলাকায় ওয়াকওয়ে নির্মাণ বাকি রয়েছে, সেগুলোও দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান থেকে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এসব বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম চলছে।

ঢাকার চারপাশের নদীগুলোতে নৌযান চলাচল ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, নদীকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশন সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশের অভাব। তবে বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রম সম্প্রসারিত হবে এবং নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ আরও কার্যকর হবে।

বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে। একই সঙ্গে নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহনমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সংস্থাটির অর্থ, পরিকল্পনা, পরিচালন ও প্রকৌশল বিভাগের সদস্য এবং মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]