• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৬ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল

দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার পেছনে জনগণের ওপর প্রতিশোধ নেওয়া এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তাঁর অভিযোগ, বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসেবে দেশে নতুন করে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাসিগাঁও উচ্চবিদ্যালয় মাঠে স্বদেশী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণ গণহত্যাকারীদের আর ক্ষমা করবে না। গণ-অভ্যুত্থানের সময় জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া এবং গণহত্যা চালানোর অভিযোগ তুলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন। অথচ ক্ষমতাচ্যুতির দুই বছর পেরিয়ে গেলেও তাঁর কিংবা দলের নেতাকর্মীদের পক্ষ থেকে জনগণের কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, ন্যূনতম অনুশোচনাও প্রকাশ করা হয়নি। এমন পরিস্থিতিতে জনগণ কেন তাঁদের ক্ষমা করবে, সেই প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তিনি দেশে ফিরতে চাইলে সেটি তাঁর বিষয়। কিন্তু দেশে ফেরার কথা বলে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা কেন করা হচ্ছে? অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা যা বলেন, বাস্তবে তা করেন না। গণ-অভ্যুত্থানের আগে তিনি দেশ ছেড়ে যাবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন। এখন দেশে ফেরার কথা বললেও বাস্তবে তিনি ফিরবেন না বলে মন্তব্য করেন প্রিন্স।

দেশে চলমান সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এমরান সালেহ প্রিন্স বলেন, খুনি, সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া মানেই পুলিশকে পেটোয়া বাহিনীতে পরিণত করা নয়। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা রাষ্ট্রের দায়িত্ব। সুশীলতার নামে অপরাধের ক্ষেত্রে শিথিলতা দেখানোর সুযোগ নেই। সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা মানুষের জানমালের ক্ষতি করার অধিকার কারও নেই।

সভায় দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ‘ফ্যাসিস্টদের দোসরদের’ গতিবিধির ওপর সতর্ক নজর রাখার নির্দেশ দেন বিএনপির এই নেতা। পাশাপাশি যেকোনো ধরনের অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]