ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব মানবতাবিরোধী অপরাধের বিচার আমরা করব। আমরা সে পথ ধরে হেঁটে যাচ্ছি।’
দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে, স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশন যেভাবে এগিয়ে যাবেন, সেখানে আমরা ইন্টারফেয়ার করি না। তারা যখন প্রয়োজন মনে করবেন, পদক্ষেপ নেবেন।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন ওনারা কী করবেন, সেটা ওনাদের বিষয়।’
দেশে ফিরে শেখ হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। এক্সট্র্যাডিশন চুক্তির আওতায় তাকে যখন প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া। আপিল বিভাগ এই ধরনের মামলায় দেরি করানোর কোনো আইনগত সুযোগ নেই। কারণ বিশেষ আইনে তার সুযোগ নেই। তারাই সে আইন করে গেছেন।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমাদের একটা সংবিধান আছে। সে সংবিধানে ১৯৭৩ সালে তার বাবা যে সংশোধনী এনে গেছেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটা ওনাদের করা আইন।’
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর