শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সারা দেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ১৩০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৫৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সাভার উপজেলায় ৩ হাজারের অধিক শিক্ষার্থীর মাঝে আশুলিয়ার একটি কেন্দ্রে অংশ নেয় ৯০০ জন।
সকালে আশুলিয়ায় ঘোড়াপীর মাজার এলাকায় অবস্থিত আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আশুলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন আয়োজক ও সংশ্লিষ্ট শিক্ষকরা। সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান আমিনা বেগম তামান্নার নেতৃত্বাধীন আশুলিয়া থানা শাখার সভাপতি আবু হানিফ তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ হুসাইন মাহমুদ সার্বিকভাবে পরীক্ষা পরিচালনা করেন। পরীক্ষা কেন্দ্রের হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাজমুল হক এবং কেন্দ্র সচিব ছিলেন আলম হোসেন।
আয়োজক ও সংশ্লিষ্ট শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করতেই এ আয়োজন। সারা দেশে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ এ উদ্যোগের প্রতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আগ্রহের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে তারা আনন্দিত। এ ধরনের পরীক্ষা তাদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
অন্যদিকে অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এমন উদ্যোগ শিশুদের পড়াশোনায় আরও মনোযোগী ও ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা রোজীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর