বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গত অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। তবে এক অর্থবছরের ব্যবধানেই সেই অবস্থান থেকে সরে এসে এখন রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১৪ নভেম্বর পর্যন্ত বাজারে প্রায় ৪২ কোটি ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ৫৭০ কোটি ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। বিপরীতে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বিক্রি করেছে প্রায় ৪২ কোটি ডলার। অর্থাৎ, গত অর্থবছরে বাজার থেকে ডলার সংগ্রহ করলেও এবার বাজারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে ডলার ছাড়তে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা প্রতিবেদনেও এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বাজার থেকে ৫৭০ কোটি ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সময়ে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হয়নি। তবে চলতি অর্থবছরের ১৪ নভেম্বর পর্যন্ত প্রায় ৪২ কোটি ডলার বিক্রি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই অবস্থান পরিবর্তনের পেছনে বৈদেশিক মুদ্রাবাজারে চাহিদা ও সরবরাহের পরিবর্তনকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। গত অর্থবছরে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছিল। ফলে বিনিময় হারে অস্থিতিশীলতা ঠেকানোর পাশাপাশি রিজার্ভ বাড়াতে বাজার থেকে ডলার কেনার সুযোগ তৈরি হয়।
তবে চলতি অর্থবছরে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং আসন্ন রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় ডলারের চাহিদা বেড়েছে। এ পরিস্থিতিতে বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেইন খান গণমাধ্যমকে বলেন, বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই সীমিত পরিসরে ডলার বিক্রি করা হয়েছে। তবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থাও ভালো রয়েছে বলে জানান তিনি।
এদিকে ডলারের চাহিদা বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্যাংকার। তাঁদের মতে, দেশে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড পর্যায়ে থাকলেও ডলারের বাজারে অস্থিরতা তৈরি হওয়ার বিষয়টি পর্যালোচনা করা প্রয়োজন।
ব্যাংকারদের যুক্তি, বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি বর্তমানে ৪ শতাংশের ঘরে রয়েছে। একই সঙ্গে শিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের আমদানিও কমেছে। এমন পরিস্থিতিতে ডলারের বাড়তি চাহিদা কেন তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার।
উল্লেখ্য, ২০২০ সালের জুনের পরবর্তী পাঁচ বছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে মোট ৩ হাজার ৫৩৫ কোটি ডলার বিক্রি করেছিল। একই সময়ে বাজার থেকে কিনেছিল ১ হাজার ২৩৩ কোটি ডলার।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের সেপ্টেম্বরে আবারও ডলার বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক।
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর