গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে। আহত মোসলেম উদ্দিনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর