• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ রাত

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিক গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার শহরের আলোচিত আশিক গ্রুপের প্রধান আশিকুল ইসলাম প্রকাশ আশিককে (৩২) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শহরের বাহারছড়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আশিকের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি, অপহরণ, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ। এ অভিযানের একপর্যায়ে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া এলাকার তাজুল মুল্লুক সড়ক থেকে আশিককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আশিকুল ইসলাম প্রকাশ আশিক মধ্যম বাহারছড়া এলাকার মৃত আবদুল করিম ও জান্নাতুল বকেয়ার ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দায়ের করা বিভিন্ন সময়ে ২৩টি মামলার তথ্য রয়েছে। গ্রেফতারের পর তাকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দেওয়া মামলার তালিকা পর্যালোচনায় দেখা যায়, আশিকের বিরুদ্ধে ২০১১ সাল থেকে বিভিন্ন সময়ে মামলা হয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনে মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দ্রুত বিচার আইনের মামলাও রয়েছে।

মামলাগুলোর মধ্যে ২০১১ সালের ২০ আগস্ট দায়ের করা একটি মামলায় মারধর, চুরি ও হুমকির অভিযোগ আনা হয়। ২০১২ সালের একটি মামলায় সংঘবদ্ধ হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে একই দিনে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়। ওই বছরের আরেকটি মামলায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।

এ ছাড়া ২০১৫ সালের মার্চে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং একই বছরের নভেম্বরে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়। ২০১৮ সালে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা ছাড়াও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সাম্প্রতিক বছরগুলোতেও আশিকের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অস্ত্র আইনে এবং একই বছরের নভেম্বরে অপহরণ, আটক, মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে বিশেষ ক্ষমতা আইনে এবং একই বছরের মে মাসে সংঘবদ্ধ হামলা, অপহরণ, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়।

চলতি ২০২৬ সালের ২৭ জুলাই, ১০ আগস্ট ও ১৭ আগস্ট তার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। এসব মামলায় হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভাঙচুর, চুরি, অপহরণ ও চাঁদাবাজির মতো অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে আশিকের গ্রেফতারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর অভিযোগ আদালতে বিচারাধীন। এসব অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]