ক্রেতা সেজে দিনের বেলায় একাধিকবার দোকানে প্রবেশ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন চোরচক্রের সদস্যরা। পরে রাতের আঁধারে দোকানের তালা কেটে চুরি করেন ৫৫টি মোবাইল ফোন ও নগদ ৬ লাখ ১০ হাজার টাকা। চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন দোকানমালিক।
ঘটনাটি ঘটেছে বরিশাল নগরের সদর রোডের ফাতেমা সেন্টারে অবস্থিত একটি মোবাইল ফোনের দোকানে।
দোকানমালিক নাঈম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। সোমবার সকালে এসে দেখেন, দোকানের শাটারের তালা কাটা। ভেতরে গিয়ে দেখতে পান, ৩৬টি আইফোনসহ গুগল পিক্সেল ও বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৫টি ফোন এবং নগদ টাকা চুরি হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, চক্রের সদস্যরা দিনের বেলায় ক্রেতা সেজে দোকানে এসে ব্যাটারি ও মোবাইল দেখার কথা বলে পরিস্থিতি বুঝে নেন। পরে রাতে একজন যন্ত্র দিয়ে শাটারের তালা কাটেন। একজন দোকানের ভেতরে প্রবেশ করে মালামাল ব্যাগে ভরেন, আর বাইরে থাকা অন্য দুজন পাহারা দেন।
এ ঘটনায় সোমবার দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর