• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:৪৮ বিকাল

বরগুনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনায় ঔষধ প্রশাসনের নিয়মিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ডিপ ফ্রিজে ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের শেরে-ই-বাংলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির তাজওয়ার। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রসিকিউটর বীথি রানী মণ্ডলসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি ফার্মেসি বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরে যান। এ সময় খোলা থাকা ছগির মেডিকেল হলে প্রথমে অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়নি। পরে মায়ের দোয়া ফার্মেসিতে অভিযান চালিয়ে দুই বক্স মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া ডিপ ফ্রিজে ওষুধ সংরক্ষণের বিষয়টিও নজরে আসে। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডিপ ফ্রিজে সংরক্ষিত ওষুধগুলো বিনষ্ট করার জন্য নিয়ে যাওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রসিকিউটর বীথি রানী মণ্ডল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের খবর পেয়ে অনেক দোকান বন্ধ করে সরে যাওয়ার বিষয়টিও নজরে এসেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির তাজওয়ার বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আজ দুটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে একটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। ভেজাল, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]