রাজধানী ঢাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রাত ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
যেসব এলাকায় বাসে আগুন
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্ক করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ছাড়া রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মিরপুর চিড়িয়াখানা রোডেও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
রাত ১০টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়।
মোহাম্মদপুরেও একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়।
এ ছাড়া বসিলায় এসআরবি-২ কার্যালয় এবং রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাজধানীর আদাবরের শিয়া মসজিদ এলাকায় টপটেন শোরুমের এক কোণে একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পায় পুলিশ। পরে সেটি ঘিরে রাখা হয়। মহাখালী বাসস্ট্যান্ড ও খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বনানীতে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা
রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে একটি পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে একটি কাচের বোতল, বোতলের মুখে লাগানো স্কচটেপ এবং গেঞ্জির পোড়া অংশ পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট ও দায়িত্বরত কর্মকর্তারা এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর