নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) রাতে মশাল হাতে মিছিল নিয়ে বাড়িটির সামনে গিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে ঘটনাস্থল ছাড়েন মিছিলকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে জামতলার ওই বাড়ির সামনে আসে। তাঁদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। এ সময় তাঁরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মিছিলের এক সদস্য বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মিছিলকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত (শেখ রিফাত)। তিনি জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ভাগনে।
মহল্লার নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। তাঁদের হাতে জ্বলন্ত মশাল ছিল। স্থানীয় লোকজন বাধা দিলে তাঁরা দ্রুত চলে যান।
ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলায় শামীম ওসমানের ওই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন উত্তর চাষাড়ায় তাঁর ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর