ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের বিভিন্ন অংশ পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, ‘মীর এক্সপ্রেস’ এর (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩) বাসটি স্কয়ার ফ্যাশন এর সামনে মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাসের ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন। আগুনে বাসের বসার সিট ও জানালার কাচসহ ভেতরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১৩ জন সদস্য অগ্নিনির্বাপণ কাজে অংশ নেন এবং আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসের ভেতরের সিট ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাসটির মালিক পার্শবর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার মৃত শরাফত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম জানান, অবরোধের খবর পেয়ে তিনি বাসটির চলাচল বন্ধ রেখে রাস্তার পাশে পার্কিং করে রেখেছিলেন। এ অবস্থায় দাঁড়িয়ে থাকা তার বাসে যারা আগুন দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শফিকুল ইসলাম আরও জানান, বাসটিই ছিল তার একমাত্র উপার্জনের অবলম্বন। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। বর্তমানে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন বলেও জানান। বাসটি পুড়ে যাওয়ায় কীভাবে জীবিকা নির্বাহ করবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর