• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:১১ সকাল

নেতানিয়াহুকে সরাতে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের উদ্যোগ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট আগাম সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না করেই পার্লামেন্টে সরকার গঠনের প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন। ঐক্য সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে সংখ্যালঘু সরকার গঠনের পথে এগোতে পারেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের (Ynet) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সেটিকে ভোটে তোলার পরিকল্পনা রয়েছে আইজেনকোটের। এ ক্ষেত্রে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করবেন তিনি।

ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকোট সরকার গঠনের ম্যান্ডেট প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ফিরিয়ে দেওয়ার আগে প্রস্তাবিত সরকারকে পার্লামেন্টে ভোটে তুলতে চান। এমনকি সেটি সংখ্যালঘু সরকার হলেও তিনি এই পরিকল্পনা থেকে সরে আসতে চান না।

প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের সরকার গঠনের ক্ষেত্রে আরব দল রাম পার্টির (Ra'am) বাইরের সমর্থনের ওপর নির্ভর করার পরিকল্পনা রয়েছে। তবে দলটির সঙ্গে আনুষ্ঠানিক জোট আলোচনা ছাড়াই তারা সরকারকে সমর্থন দেবে—এমন ধারণার কথা বলা হলেও রাম পার্টি এ বিষয়ে সম্মতি দিয়েছে কি না, তা নিশ্চিত করেনি সংবাদমাধ্যমটি।

ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ আসনের সমর্থন প্রয়োজন। এর চেয়ে কম আসন নিয়ে গঠিত সরকারকে সংখ্যালঘু সরকার বলা হয়। এমন সরকারকে টিকে থাকতে জোটের বাইরের দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হয়।

ওয়াইনেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে অথবা অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে আইজেনকোট এই বিকল্প পরিকল্পনা বাস্তবায়নের কথা বিবেচনা করছেন।

গত ৮ নভেম্বর বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিস্থাপনের লক্ষ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে নতুন জোটের গঠন ও সরকারে কারা থাকবে, তা নিয়ে বিভিন্ন সংসদীয় দলের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]